
মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
ডেঙ্গুর বিস্তার রোধ ও সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বাড়াতে সিরাজগঞ্জের কাজিপুরে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বাড়িঘর, রাস্তার পাশসহ আশপাশের এলাকাগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনামুখী ইউনিয়নের পাইকপাড়া ঢকঢগিয়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য সেলিম রেজা।
উদ্বোধনী কার্যক্রমে সেলিম রেজা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না। প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, রাস্তার আশপাশ ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা এবং পানি নিয়মিত অপসারণের মাধ্যমে মশার বংশবিস্তার রোধে সবাইকে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, কারও জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানো জরুরি। অসুস্থতা নিয়ে ঘরে বসে না থেকে দ্রুত চিকিৎসাসেবা গ্রহণের জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।
পরে সেলিম রেজা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তার পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, সাবেক সহ-সভাপতি মো. ওয়াহীদুজ্জামান মিনু, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও শহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রতন, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিল্লোল তালুকদার, সদস্য সচিব মজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব শামীম রেজা রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রিপন।
এ ছাড়া সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকার, সহ-সভাপতি আব্দুস সালাম তোতা, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক নাসিম আহমেদ বাবুসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় কাজিপুরেও এ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করা হয়েছে।
আরওপড়ুন…… প্রকাশিত সংবাদের প্রতিবাদ