
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
সরকারি অর্থে ৫৩ লাখ টাকার বেশি ব্যয়ে নির্মিত একটি পাবলিক লাইব্রেরি উদ্বোধনের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও তা আজও সাধারণ পাঠকদের জন্য উন্মুক্ত করা হয়নি। বই কেনা, পড়ার উপযোগী পরিবেশ তৈরি এবং জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধনের সকল আয়োজন সম্পন্ন হলেও লাইব্রেরিটিতে এখন পর্যন্ত ঝুলে রয়েছে তালা। ফলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টির এই মহৎ উদ্যোগটি বর্তমানে মুখ থুবড়ে পড়েছে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত এই পাবলিক লাইব্রেরিটি ঘিরে স্থানীয়দের মনে ব্যাপক আশা ও উদ্দীপনা তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবে এর চিত্র সম্পূর্ণ হতাশাজনক। শনিবার (১৪ নভেম্বর)সরেজমিন দেখা গেছে, লাইব্রেরি ভবনের মূল দরজায় ঝুলছে বড় তালা এবং এর সামনে ময়লা-আবর্জনার স্তূপ জমেছে। উদ্বোধনের দীর্ঘ সময় পার হলেও একটি দিনের জন্যও পাঠকদের প্রবেশাধিকার নিশ্চিত করা হয়নি।
প্রকল্পটি বাস্তবায়িত হলেও এর সুফল না পাওয়ায় স্থানীয় শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তাদের মতে, লাখ লাখ টাকা খরচ করে ভবন নির্মাণ ও উদ্বোধনের নাটক মঞ্চস্থ করা হলেও তা জনগণের কোনো কাজেই আসছে না। লাইব্রেরিটি বন্ধ থাকায় এলাকার তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা বই পড়া ও জ্ঞানচর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
”উদ্বোধনের পর থেকেই লাইব্রেরিটি বন্ধ রয়েছে। বাইরে তালা ঝুলছে আর ময়লা জমছে। অথচ বলা হয়েছিল এখান থেকে এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবে।” — এমন আক্ষেপ স্থানীয় সচেতন লোকজনের।
শিক্ষা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নির্মিত এই পাবলিক লাইব্রেরিটি দ্রুত চালু করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
আরওপড়ুন……. মাধবপুরে অসুস্থ মা-বাবাকে ফেলে রাখার অভিযোগ তিন ছেলের বিরুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা