
এম,এ,কাদের বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে একটি ধর্মীয় মাহফিলে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর অংশগ্রহণ নিয়ে সৃষ্ট বিরোধের অবসানে সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ে মাহফিল অনুষ্ঠিত হবে, তবে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন না তাহেরী।
আগামী রবিবার (১৫ নভেম্বর) মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর আহ্ছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দরবার শরিফের পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমের তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর উপস্থিত থাকার কথা ছিল।
তবে তাহেরীর অংশগ্রহণ নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। তাঁর অংশগ্রহণের বিরোধিতা করে শনিবার (১৪ নভেম্বর) কাশিমনগর বাজারে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম শাহীন আলম রিপনের নেতৃত্বে তাহেরী কে বয়কটের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে শাহীন আলম রিপন বলেন, কোনোভাবেই মাহফিলে তাহেরীর অংশগ্রহণ মেনে নেওয়া হবে না। তাঁর অভিযোগ, তাহেরী বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি বিগত সরকারের পক্ষে কথা বলে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। এ সময় তিনি তাহেরীকে মাহফিলে অবাঞ্ছিত ঘোষণা করেন।
অন্যদিকে, বিরোধিতার মধ্যেও মাহফিলে উপস্থিত হওয়ার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছিলেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। তিনি গণমাধ্যমকে বলেন, ‘কত দেখলাম, কতজনে কত কী বলল। আমার ভক্তরা আমার পাশে রয়েছে। মাইক চললে অবশ্যই আমি উপস্থিত হব, ইনশাআল্লাহ।’
এদিকে, সুষ্ঠু পরিবেশ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা প্রশাসন তাহেরীকে ছাড়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের এ সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত কর্মসূচি বহাল থাকলেও প্রধান বক্তা হিসেবে তাঁর অংশগ্রহণ থাকছে না।
মাহফিলের প্রচারপত্রে তাহেরীর নামের নিচে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামের অবস্থান ও উপস্থাপনাকে কেন্দ্র করেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তবে বিরোধের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট এ বিরোধের মধ্যে প্রশাসনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আয়োজক ও স্থানীয়দের প্রত্যাশা, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন সম্পন্ন হবে।
আরওপড়ুন….. মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১ হাজার ৭৫০ শিক্ষার্থী