
জুবায়ের আহমেদ :লাখাই প্রতিনিধি:
বর্তমান ফেতনার এই কঠিন যুগে দ্বীনি শিক্ষার প্রসার ও তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতির পথে উদ্বুদ্ধ করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাউক উত্তর গ্রাম। সোমবার (২৩ মার্চ, ২০২৬) সাতাউক কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে ‘আল হিকমা যুব সংগঠন’-এর উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে হাফেজ সংবর্ধনা ও ইসলামী নাশিদ সন্ধ্যা।
অনুষ্ঠানে গ্রামের ৮ জন নবীন হাফেজে কুরআন এবং সদ্য এসএসসি উত্তীর্ণ ২ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। গ্রামের এই মহতী উদ্যোগে পুরো এলাকাজুড়ে এক আনন্দঘন ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ লুতফুর রহমান আকাশ। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ ক্বারী ফয়সাল আহমদ জামাল (হবিগঞ্জ)। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন কৃতি হাফেজ ও শিক্ষার্থীরা।সংবর্ধিত হাফেজগণ হলেন ফখরুল ইসলাম রনি, মিনহাজ উদ্দিন রাজু, আলিম উদ্দিন, তামিম ইকবাল, ইয়ামিন আহমেদ, আব্দুল হাকিম, সালমান আহমেদ এবং হাফিজ ফখরুল ইসলাম রনি। এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী শিপন মিয়া ও ফারদিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসাহ প্রদান করেন মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল আমীন, এস আই গোলাম ফাত্তাহ মোর্শেদ চৌধুরী, সাংবাদিক পারভেজ হাসান ও জুবায়ের আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্নধারার সভাপতি ফারুক আহমেদ, সেক্রেটারি মো: তারেক, শাহ জসিম উদ্দিন, বিশিষ্ট মুরুব্বি বজলুর রহমান, হাজী আমজাদ হোসেন, জানু মিয়া এবং শাবাল আহমেদ জনি।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘ইসলামী নাশিদ সন্ধ্যা’। সবুজকুঁড়ি সিলেটের শিল্পী ইশফাক আহমদ তুহিন, হুসাইন শাহান, ইমরান আহমদ, সাফওয়ান মুয়াজ আলভী এবং গোলাপগঞ্জের মো. হোসাইন আহমদের সুমধুর কণ্ঠের নাশিদ উপস্থিত শ্রোতাদের হৃদয় কেড়ে নেয়। এছাড়াও কলরবের শিল্পী হাফেজ জুবায়ের আহমেদ তানজিম ও হাফেজ মোবাশ্বির আহমেদের পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাবাল আহমেদ জনি ও আবৃত্তি পরিচালক হাফিজ মোস্তাক আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআন হিফজ করা এবং জ্ঞান অর্জন করা মহান আল্লাহর বিশেষ নেয়ামত। বর্তমান যুগে যেখানে তরুণ সমাজ বিপথগামী হওয়ার আশঙ্কায় থাকে, সেখানে ‘আল হিকমা যুব সংগঠন’-এর এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে সেই সর্বোত্তম, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।” (সহিহ বুখারি)। আজকের এই হাফেজরাই আগামী দিনের দিশারী। যুবকদের এই দ্বীনি কার্যক্রম সমাজ থেকে অন্ধকার দূর করে আলোর পথ দেখাবে।
গ্রামবাসী এই আয়োজনে অত্যন্ত আনন্দিত এবং যুবকদের এই মহতী কাজের সাধুবাদ জানিয়েছেন। মুরুব্বিরা আশ্বস্ত করেছেন যে, প্রতি বছর যেন এমন সুন্দর ও বরকতময় আয়োজন অব্যাহত থাকে, সেজন্য তারা সবসময় যুবকদের পাশে থাকবেন।
আরওপড়ুন…ঈদ উপলক্ষে এমপি সৈয়দ মুহাম্মদ ফয়সলের সঙ্গে মাধবপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
Subscribe to get the latest posts sent to your email.