
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইভটিজিং, মাদক ও মদ্যপান নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন বক্তারা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এবার মাধবপুর উপজেলায় ১১৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি মদ্যপান, মাদক সেবন ও ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পূজা উদযাপন কমিটির নেতা স্বরজিত পাশী বলেন, সীমান্তবর্তী তেলিয়াপাড়া এলাকার চা-বাগানগুলোতে পূজাকে কেন্দ্র করে মাদকের বিস্তার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ওই এলাকায় প্রশাসনের নজরদারি বাড়ানোর পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ সময় বক্তারা পূজামণ্ডপে আসা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বিশেষ করে ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মেহেদী হাসান বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, ইভটিজিং কিংবা মাদকের বিস্তার বরদাশত করা হবে না। প্রয়োজন হলে ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, হরিষ চন্দ্র দেব, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের হিরেশ ভট্টাচার্য, ব্যবসায়ী মনোজ কান্তি পাল, আনসার-ভিডিপির কর্মকর্তা নাজিউর রহমান, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি ও মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।
এ সময় বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরওপড়ুন…… সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ