
দিনাজপুর প্রতিনিধি মোরসালিন ইসলাম
নিজের জন্মদিনকে জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং মানবিকতার মাধ্যমে স্মরণীয় করে রাখলেন দিনাজপুরের এক কিশোর। অসহায় ও প্রতিবন্ধী এক ভিক্ষুকের পরিবারের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন গোপাল গুপ্ত ও তার পরিবার।
দিনাজপুরের স্বনামধন্য গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার গুপ্তের একমাত্র সন্তান গোপাল গুপ্তের জন্মদিন ছিল মঙ্গলবার। তবে অন্যান্যদের মতো কেক কাটা বা আনন্দ-উল্লাসে না মেতে, তিনি জন্মদিনটি উদযাপন করতে চেয়েছেন একজন অসহায় ও প্রতিবন্ধী ভিক্ষুক ওমর আলীর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ও সহায়তার মাধ্যমে।
ছেলের এই মানবিক ইচ্ছাকে সম্মান জানিয়ে মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ কুমার গুপ্ত দিনাজপুর শহরের অসুস্থ প্রতিবন্ধী ওমর আলীর বাড়িতে উপস্থিত হন। সেখানে তারা চাল, ডাল, শাকসবজি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ সহায়তা প্রদান করেন। সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওমর আলী ও তার পরিবারের সদস্যরা। তাদের চোখের জলেই ফুটে ওঠে মানবিক এই উদ্যোগের গভীরতা।
এ সময় আনন্দ কুমার গুপ্ত বলেন, “আমার ছেলে কখনোই চায়নি জন্মদিনে কোনো আড়ম্বর থাকুক। ওর ইচ্ছা ছিল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। একজন বাবা হিসেবে ছেলের এই মানবিক চিন্তাভাবনায় আমি গর্বিত।”
সহায়তা পেয়ে ওমর আলীর স্ত্রী আঞ্জ আরা বলেন, “আমরা খুব অসহায় মানুষ। আজ যেভাবে তারা আমাদের পাশে দাঁড়ালেন, আল্লাহ তাদের ভালো রাখুন। আমাদের চোখে পানি চলে আসছে।”
গোপালের বোন স্নেহা গুপ্ত বলেন, “আমরা চাইনি জন্মদিনে কোনো আনন্দ-উল্লাস হোক। যদি এই দিনে কাউকে একটু হলেও সাহায্য করা যায়, সেটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।”
নিজের জন্মদিনকে আত্মকেন্দ্রিক আনন্দে সীমাবদ্ধ না রেখে মানবিকতার আলোয় উদযাপন করে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কিশোর গোপাল গুপ্ত। তার এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবে।
Subscribe to get the latest posts sent to your email.