
ক্রাইমসিন সংবাদ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) থানার ভেতরে বসে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম। তিনি জানান, ভাইরাল ভিডিওতে থানার ভেতরে ওসির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়া এবং প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মাহদী হাসানকে গ্রেফতার করা হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে তর্কে জড়ান মাহদী হাসান। এ সময় তাকে প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়। ভিডিওতে বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়া ও এসআই সন্তোষকে জ্বালিয়ে দেওয়ার মতো সহিংস ঘটনার প্রসঙ্গ টানার পাশাপাশি পুলিশ সদস্যদের হুমকি দেওয়ার দৃশ্যও রয়েছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি মাহদী হাসানের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে এবং ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।
এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Discover more from দৈনিক ক্রাইমসিন
Subscribe to get the latest posts sent to your email.