
ক্রাইমসিন সংবাদ :
হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার দুপুরে মাধবপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সৈয়দ মোঃ ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাট এলাকার মানুষের কল্যাণে আজীবন নিজেকে নিয়োজিত রাখাই তাঁর রাজনীতির মূল উদ্দেশ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়নে ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের ভবিষ্যৎ উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা। তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, জনগণ একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে। নাগরিকরা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটিই গণতন্ত্রের মূল ভিত্তি। জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হলে রাষ্ট্রে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ মোঃ হুমায়ুন, সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফখাত আহমেদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হবে। দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই বিএনপি সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিএনপি বিজয়ী হয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Subscribe to get the latest posts sent to your email.