
মাধবপুর (হবিগঞ্জ)
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মঈনউদ্দীন গউছ। সহসভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল হামিদ সেলিম মেম্বার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক মানবজমিন এর মাধবপুর প্রতিনিধি মো. মঈনউদ্দীন গউছ সভাপতি নির্বাচিত হন।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন। সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মশিউর রহমান। পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেন দেবাশীষ দাশ। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি মঈনউদ্দীন গউছ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সহযোগিতা কামনা করেন।
আরওপড়ুন……. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি