
মাহমুদুল হাসান শুভ কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে অগ্নিকাণ্ডে দুইটি গরু হারিয়ে নিঃস্বপ্রায় হয়ে পড়া গুটু শেখের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ‘ভয়েস অব কাজিপুর’। তাঁর মুখে হাসি ফোটাতে বাছুরসহ একটি গাভী উপহার দিয়েছে সংগঠনটি।
গত মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুটু শেখের দুটি গরু পুড়ে মারা যায়। গরু দুটি ছিল তাঁর পরিবারের একমাত্র সম্বল ও জীবিকার অন্যতম অবলম্বন। চোখের সামনে নিজের শেষ সম্বল হারিয়ে চরম হতাশা ও কষ্টের মধ্যে দিন কাটছিল তাঁর।
এমন দুঃসময়ে গুটু শেখের পাশে এসে দাঁড়ায় ‘ভয়েস অব কাজিপুর’। তাঁর ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাতে বাছুরসহ একটি গাভী উপহার দেওয়া হয়।
নতুন গরু পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন গুটু শেখ। দীর্ঘদিনের কষ্টের মাঝে যেন তাঁর মুখে আবারও হাসি ফুটেছে। এ সময় তিনি বলেন, “ভয়েস অব কাজিপুরসহ যারা আমার কষ্টের সময়ে পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের সবার জন্য আমি মন থেকে দোয়া করি। আল্লাহ যেন তাদের ভালো রাখেন এবং উত্তম প্রতিদান দেন।”
একটি গাভী উপহার হয়তো সব হারানোর কষ্ট পুরোপুরি মুছে দিতে পারবে না, তবে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাতে পারে। গুটু শেখের জীবনে এই উপহার শুধু একটি গরু নয়, বরং ঘুরে দাঁড়ানোর নতুন আশার প্রতীক।
মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার দৃষ্টান্ত হয়ে থাকবে।
ভয়েস অব কাজিপুরের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
আরওপড়ুন…… নন্দীগ্রামে কৃষি প্রণোদনা ও চিকিৎসা সহায়তা দিলেন এমপি মোশারফ