
মো:বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি
কারিগরি দক্ষতা সম্পন্ন তরুণ ও চাকরিপ্রত্যাশীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চাকরি মেলা। মেলায় স্বনামধন্য ১০টি প্রতিষ্ঠান সরাসরি উপস্থিত হয়ে চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ করছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নীলফামারী টিটিসি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নিয়াজ ভুঁইয়া।
মেলায় টিটিসি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী ও স্থানীয় চাকরিপ্রার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে তাদের সিভি জমা দিচ্ছেন। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে নিয়োগ প্রক্রিয়া, বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাচ্ছেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানা, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, টিটিসির চীফ ইনস্ট্রাক্টর মশিউর রহমান, ইনস্ট্রাক্টর আব্দুল মতিন এবং ইনস্ট্রাক্টর রেজওয়ান হোসেন।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, দক্ষ তরুণ সমাজের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সরাসরি সংযোগ ঘটিয়ে দ্রুত কর্মসংস্থান নিশ্চিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। দিনব্যাপী আয়োজিত এই মেলায় সকাল থেকেই চাকরিপ্রার্থীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।