
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর বাজারে এক মোবাইল ব্যবসায়ীকে মারধর করে নগদ টাকা ও একটি আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মো. জাহাঙ্গীর খান (৩৮) মাধবপুর পৌরসভার গুমুটিয়া গ্রামের লাল মিয়া খানের ছেলে। তিনি মাধবপুর বাজারে সায়হাম ফিউচার পার্কে একটি মোবাইল ফোনের দোকান পরিচালনা করেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ১৫ থেকে ২০ দিন আগে অভিযুক্ত শফিক মিয়া তার দোকান থেকে বাকিতে একটি মোবাইল ফোন কিনতে চান। তিনি বাকিতে ফোন বিক্রি করতে অস্বীকৃতি জানালে শফিক মিয়া তার ওপর ক্ষুব্ধ হন।
অভিযোগে বলা হয়, গত ২৭ জুলাই বিকেল ৫টার দিকে সাতছড়ির উদ্দেশে যাওয়ার পথে তেলিয়াপাড়ার নোয়াহাটি মোড়ে জাহাঙ্গীর খান ও তার সঙ্গে থাকা তমাল চক্রবর্তীকে শফিক মিয়া ও রমজান আলীসহ কয়েকজন আটকান। এ সময় তারা অশালীন ভাষায় গালিগালাজ করেন। এতে প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে মারধর করেন। একপর্যায়ে তার পকেটে থাকা নগদ ৪৫ হাজার টাকা এবং প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ছুরি প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
ভুক্তভোগীর ভাষ্য, অভিযুক্তরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করে আসছিলেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। পরে তিনি মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মাধবপুর থানার ওসি (তদন্ত) মো. সোহেল রানা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরওপড়ুন………. মৌলভীবাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের কথিত হোতা